রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

ক্রীড়া প্রতিযোগিতায় এসে অবরুদ্ধ চবি উপাচার্য,পরে মুক্ত

চবি প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:০১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইয়াহইয়া আখতার হল সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি হয়ে এসে অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণ পর তিনি মুক্ত হয়েছেন বলে জানা গেছে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত শাহজালাল হল সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হলে শাহজালাল হল সংসদের প্রতিনিধি এবং হলে বসবাসরত শিক্ষার্থীদের হাতে তিনি অবরুদ্ধ হন। বলে জানা গেছে।

এ বিষয়ে শাহজালাল হল সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) ইমতিয়াজ জাবেদ বলেন, আমাদের শাহজালাল হল বিভিন্ন সমস্যায় জর্জরিত। এর আগে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বারবার লিখিত অভিযোগ করা হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি।

তিনি আরো যোগ করেন, আবাসন সমস্যা, রিডিং রুমে সাউন্ড সিস্টেমে পাঠদান সমস্যা, হলের এক্সটেনশনের সিলিং নষ্ট, ইলেকট্রিক প্রবলেম, ইলেকট্রিক সার্কিটের কারণে শিক্ষার্থীদের বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যায়। আমাদের অভিযোগ করা সমস্যাগুলোর সমাধান হয়নি বিধায় উপাচার্য স্যারকে অবরুদ্ধ করে রেখেছি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। গাড়িতে আছি বলে ফোন কেটে দেন।

এরপর উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এখন বিমানে উঠব, আপনি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলুন।

ভিডিও