আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণার জন্য চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
দলীয় সূত্র জানা গেছে, আগামীকাল চট্টগ্রাম নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তারেক রহমান।
সমাবেশকে কেন্দ্র করে শনিবার বিকেল ৫টা ৪৯ মিনিটের দিকে তিনি গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে চট্টগ্রামে যান। সেখান থেকে সরাসরি হোটেল রেডিসন ব্ল-তে যাচ্ছেন তারেক রহমান।
এদিকে, তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ দেখা গেছে পুরো চট্টগ্রামজুড়ে। ইতোমধ্যে পলোগ্রাউন্ড মাঠে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। দীর্ঘ ২০ বছর ৭ মাস পর তারেক রহমানের আগমনে দলের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস।
প্রসঙ্গত, ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। এবার দলের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম সফরে আসছেন তিনি। রোববার বেলা ১১টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে বক্তব্য দেবেন তিনি। দুপুরের মধ্যে সমাবেশ শেষ করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।