রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তত চট্টগ্রামবাসী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮

দীর্ঘ ২ দশক পর চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনসাধারণও মুখিয়ে আছেন তাকে এক নজর দেখতে।

জানা গেছে, আজ সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজ চট্টগ্রামে অবতরণ করার কথা রয়েছে। রাতে চট্টগ্রামে থাকবেন তিনি। আগামীকাল (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান।

এদিকে মহাসমাবেশকে জনতার মহাসমুদ্রে পরিণত করতে যাবতীয় প্রস্তুত সম্পন্ন করেছে বিএনপি। নেতাদের প্রত্যাশা ১০ থেকে ১৫ লাখ মানুষের সমাগম ঘটবে পলোগ্রাউন্ড ময়দান ও আশপাশের এলাকায়। বিশাল মাঠের একপ্রান্তে সুবিশাল মঞ্চ তৈরি হয়েছে। ওই মঞ্চে বসতে পারবেন তিন শতাধিক নেতা।

মঞ্চের সামনে বিশিষ্টজনদের জন্য রাখা হয়েছে কয়েকশ চেয়ার। ময়দান এবং আশপাশের এলাকায় জনসভায় আগতদের বসার ব্যবস্থা নেই। মাঠেই নেতাকর্মীরা বসে শুনবেন নেতাদের বক্তব্য। তারেক রহমান নির্বাচনী প্রচারে আসছেন। ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন সে বিষয়ে কথা বলবেন। চট্টগ্রামবাসীকে দেবেন বিশেষ বার্তা।

সরজমিনে দেখা গেছে, সমাবেশ উপলক্ষ্যে নগরজুড়ে সাজ সাজ রব দেখা গেছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সমাবেশ ও আশপাশের এলাকা। নগরীতে শনিবার দিনভর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চলে মাইকিং। দীর্ঘ ২০ বছর ৭ মাস পর তারেক রহমানের আগমনে দলের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস।

দলের নেতারা জানান, শনিবার রাতে চট্টগ্রামের নেতাদের সাথে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ করবেন তারেক রহমান। পরদিন বেলা ১১টায় পলোগ্রাউন্ডের মহাসমাবেশে বক্তব্য রাখবেন। সেখান থেকে সড়কপথে নানাবাড়ি ফেনীর উদ্দেশে রওনা দেবেন। ফেনীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। চট্টগ্র্রাম, ফেনীসহ চার জেলায় ছয়টি নির্বাচনী জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে তার।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নগরী। এই মহাসমাবেশকে ঘিরে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগ এড়ানোর বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি মহাসমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ বলেন, আমরা আশা করি অতীতের সব রেকর্ড ভঙ্গ করে পলোগ্রাউন্ড মাঠ জনসমুদ্রে রূপান্তর হবে। ইতোমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের দলের চেয়ারম্যানকে বরণে আমরা প্রস্তুত। বিএনপির ঘাঁটি ও স্মৃতিবিজড়িত চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠ। ঐতিহাসিক এ মাঠ থেকে বিএনপির নতুন চেয়ারম্যান কী বার্তা দিবেন তার অপেক্ষায় পুরো চট্টগ্রামবাসী।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, পলোগ্রাউন্ড মাঠে জনসমাবেশে ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশাবাদী। শুধু দলের নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নিবেন।

এদিকে তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিএমপি। জনসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর এলাকায় জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় শুক্রবার গণবিজ্ঞপ্তি জারি করেছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ও ২৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর এলাকায় কোনো ব্যক্তি অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তা বিরোধী কোনো বস্তু প্রদর্শন, প্ল্যাকার্ড বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১২ সালে ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মায়ের পছন্দের সেই মাঠে এবার আসছেন তারই সন্তান দলের নতুন চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ২১ বছর আগে ২০০৫ সালের মে মাসে সর্বশেষ চট্টগ্রামে এসেছিলেন তারেক রহমান। ওইসময় তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের জন্য ভোট চেয়ে লালদীঘি মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন।

ভিডিও