বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোন ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং দিনশেষে টিকে থাকে না। শেখ হাসিনা ভোট ইঞ্জিনিয়ারিং করেছে। আজ সে কোথায় আছে। সেটা থেকে শিক্ষা নেওয়া উচিত। এরকম মিথ্যা প্রোপাগান্ডা, ভোট ইঞ্জিনিয়ারিং করে কেউ এগিয়ে যেতে পারে না। কেউ সেটি চাইলে জনগণ তা প্রতিহত করবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম-১১ আসনের পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড চরবস্তি, বিজয়নগর, ফুলছরি পাড়া, নিজাম মার্কেট, দক্ষিণপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, আগামী নির্বাচন নিয়ে জনগণ উৎফুল্ল, আনন্দিত। দীর্ঘ ১৫ বছর পর মানুষ ভোট দিতে পারছে। সংসদ নির্বাচন করতে পারছে, সরকার নির্বাচনের সুযোগ পেয়েছে। নির্বাচিত সরকার জনগণের কাছে সচ্ছলতা ও জবাবদিহিতা থাকবে।
এ সময় তিনি বলেন, সবচেয়ে বড় আনন্দ বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে, জনগণ তাদের মালিকানা ফিরে পাচ্ছে। গণতান্ত্রিক পরিবেশে মানুষ থাকতে পারবে, চলতে পারবে, স্কুল কলেজ, হাসপাতালে যেতে পারবে। নির্ভয়ে জীবনযাপন করতে পারবে।
বিগত সরকারের আমলে মানুষ কষ্ট পেয়েছে—এমনটা উল্লেখ করে তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। জীবনের নিরাপত্তা ছিল না। সাধারণ মানুষ আশা করছে নির্বাচিত সরকার আসলে আবার স্বাভাবিক জীবন ফিরে পাবে। নাগরিক জীবন, নাগরিক অধিকার ফিরে পাবে। সবার মাঝে উৎফুল্লতা দেখা যাচ্ছে।
আমির খসরু বলেন, জণগণের উপর আস্থা হারিয়ে অন্য পন্থা অবলম্বন করলে দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ ভালো হবে না। সবাইকে আহ্বান করছি অন্যপন্থা বাদ দিয়ে জনগণের কাছে যান, আস্থা অর্জন করেন এটাইতো গণতন্ত্র। জনগণের আস্থা অর্জন না করে ভোট ইঞ্জিনিয়ারিং করলে তো লাভ হবে না।
তিনি বলেন, মানুষের উপর যাদের আস্থা নাই তারা অনেক কিছু করতে চাইবে। এসব করে গণতন্ত্রের পথ রুদ্ধ করতে পারবে না। যারা এসব করবে তাদের জনগণ ব্যালটের মাধ্যমে প্রতিহত করবে।
তিনি আরও বলেন, গণতন্ত্রের ক্রান্তিলগ্নে দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় রেখেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় রেখেছে। এবারও আমরা দেখতে পাচ্ছি দেশনায়ক তারেক রহমানের উপর আস্থা রেখেছে সেটা আমরা দেখতে পাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা: নূরুল আফসার, মোঃ ইসমাইল, আব্দুস সাত্তার, ওয়ার্ড বিএনপির আহবায়ক মোহাম্মদ নাজিম উদ্দিন, সদস্য সচিব মো. আজম সহ প্রমূখ।