ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রতিনিধি দলটি বন্দরের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে।
পরিদর্শন শেষে তারা চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় বন্দরের সাম্প্রতিক হ্যান্ডলিং রেকর্ড, জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম ও ডুয়েল টাইম কমে আসা, পানগাঁও আইসিটি ও লালদিয়া কন্টেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বন্দর চেয়ারম্যান প্রতিনিধি দলকে বে-টার্মিনাল ও মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পে গ্রিন টেকনোলজি ব্যবহার, ডিজিটাইজেশন এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা সম্পর্কেও অবহিত করেন। তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
এ সময় তিনি প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা কামনা করেন এবং বন্দরের জনবলকে আরও দক্ষ ও কারিগরি প্রশিক্ষণে সহায়তার প্রত্যাশা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত ইইউ’র তরফ থেকে চট্টগ্রাম বন্দরকে নির্মাণ শিল্প, উন্নত দেশের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল বাড়ানো, বিভিন্ন বিষয়ে কারিগরি সুবিধা প্রদানসহ চট্টগ্রাম বন্দরের সার্বিক উন্নয়নে সহযোগী অংশীদার হিসেবে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. মাহবুব আলম তালুকদার, ইউরোপীয় ইউনিয়নের প্রথম কাউন্সিলর এডউইন কোয়েককোয়েক, প্রথম সচিব সেবাস্টিয়ান রিগার-ব্রাউন।