রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

শীতের জলাশয়ে অতিথি ‘সরালি’র খুনসুটি

রনী দে, নিজস্ব আলোকচিত্রী

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:০০
কুয়াশা মোড়ানো শীতের সকাল। অতিথি পাখি ‘পাতি সরালি’র কিচিরমিচিরে মুখর হয়ে উঠল জলাশয়ের চারপাশ। চোখ আটকে গেল ওড়াউড়ি, ছোটাছুটি আর পানিতে হুটোপুটিতে ব্যস্ত একঝাঁক পাখির দিকে

শীতকালে বাংলাদেশে যেসব অতিথি পাখির আগমন ঘটে, তার মধ্যে এই পাতি সরালি অন্যতম। এটি ছোট সরালি বা গেছো হাঁস নামেও পরিচিত।

দিনে জলমগ্ন ধানক্ষেত ও জলাশয়ের আশপাশে দল বেঁধে খুনসুটিতে ব্যস্ত থাকলেও রাতে খাবারের সন্ধানে চরে বেড়ায়। যদিও পাতি সরালি নিশাচর স্বভাবের পাখি।

এদের প্রধান খাবার জলজ গুল্ম, শস্যদানা, ছোট মাছ, ব্যাঙ, শামুক, কেঁচো ইত্যাদি। এরা মূলত জুটি বেঁধে দুর্গম বিল-হাওরে বসবাস করে। তাই শীত ছাড়া এদের একত্রে তেমন একটা দেখা যায় না।

চট্টগ্রামের পটিয়ায় বিস্তীর্ণ জলাশয়েই ঘুরছে পাতি সরালির দল। ওদের কিচিরমিচিরে মুখর পুরো এলাকা। বাড়ির ছাদ, বারান্দা থেকে এলাকাবাসী উপভোগ করছে সেই দৃশ্য।

ভারত ও দক্ষিণ এশিয়া থেকে শীতের টানে আসা সরালি পাখির শান্ত উপস্থিতিতে প্রাণ ফিরে পেল পটিয়ার হাওর-বিল। উড়ার সময় শিসের মতো শব্দে সহজেই নজর কাড়ে দলবদ্ধ সরালি পাখিরা।

নিরাপদ আবাস ও খাদ্যের খোঁজে বাংলাদেশে আসা সরালি পাখির শান্ত বিচরণ পটিয়ার জলাশয়কে করে তোলে জীবন্ত।

ভিডিও