ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার বৈঠকের পরও আগের অবস্থানে বদল আসেনি। ভারতে নিরাপত্তা ঝুঁকির কোনো পরিবর্তন হয়নি জানিয়ে সেখানে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তেই অনড় আছে বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, এই সিদ্ধান্ত পুরোপুরি সরকারের।
আইসিসির বোর্ড সভায় বুধবার ভোটাভুটিতে হেরে যাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য এক দিন সময় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে লড়াই চালিয়ে যাবেন তারা।
ঢাকার একটি হোটেলে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে ক্রীড়া উপদেষ্টা, ক্রীড়া সচিব ও বিসিবি সভাপতি ছাড়াও ছিলেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বাইরে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ছিলেন সভায়।
বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেকে ক্রিকেট ও ক্রিকেটারদের ভক্ত হিসেবে দাবি করেন ক্রীড়া উপদেষ্টা।