সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় যোগ দিয়ে নেতা–কর্মীদের স্লোগানে সাড়া দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই মাঠজুড়ে ওঠে ‘দুলা ভাই, দুলা ভাই’ স্লোগান। এসময় হাত নেড়ে উপস্থিত নেতা–কর্মীদের শুভেচ্ছা জানান তিনি।
জনসভায় বক্তব্যের শুরুতেই নির্বাচনী প্রচারের দিকনির্দেশনা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়— সবার আগে বাংলাদেশ।’ তিনি বলেন, দেশের মানুষই রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস। তাই বিএনপি দেশের মানুষের ভাগ্যোন্নয়নে বিশ্বাস করে।
তারেক রহমান বলেন, ‘কেউ কেউ বলে— অমুককে দেখেছি, তমুককে দেখেছি। এবার একে দেখেন। ১৯৭১ সালে যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, সে সময় কারা কী ভূমিকা রেখেছে, তা বাংলাদেশের মানুষ দেখেই নিয়েছে।’
আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, গত ১৫–১৬ বছরে একের পর এক নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই, ডামি ও নিশিরাতের নির্বাচন হয়েছে। এসব তথাকথিত নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি উন্নয়নের নামে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচারের অভিযোগও তোলেন।
সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে জনসভা শুরু হয়। সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সমাবেশে তারেক রহমান দুপুর ১২টা ২৫ মিনিটে মঞ্চে ওঠেন এবং প্রায় আধা ঘণ্টা বক্তব্য দেন। তাঁর আগেই সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে পড়ে।
জনসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। সভা সঞ্চালনা করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানসহ বিএনপি-মনোনীত ও সমর্থিত প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সংসদীয় আসন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা–কর্মীরা জনসভায় যোগ দেন। ধানের শীষ, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনেকের মাথায় ধানের শীষের ছবি সংবলিত টুপি ও কপালে দলীয় পতাকা দেখা যায়।
জনসভায় যোগ দেওয়ার আগে শহরতলীর বিমানবন্দর এলাকায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে প্রায় শতাধিক তরুণ শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।