সৌদিয়া পরিবহন ও রাঙামাটি মোটর মালিক সমিতির দ্বন্দ্বে রাঙামাটির সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে সারা দেশের সঙ্গে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে সমিতি। এতে বিপাকে পড়েছে এসব রুটের যাত্রী ও স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীরা।
সৌদিয়া বাস কাউন্টারের রাঙামাটি ব্যবস্থাপক আরমান হোসেন বলেন, আমরা সব ধরনের অনুমতি নিয়ে বাস চলাচল শুরু করেছি। কিন্তু গতকাল হঠাৎ আমাদের কাউন্টারে তালা ঝুলিয়ে দেন রাঙমাটি মোটর মালিক সমিতির লোকজন। পরে সেনাবাহিনীর রাঙামাটি জোনের সহায়তায় আমাদের কাউন্টারের তালা খুলে দেওয়া হয়। এবং আগামী রোববার দুই পক্ষকে নিয়ে বৈঠক করে এই সংকটের সমাধান করবে বলে জানানো হয়। কিন্তু আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আমাদের একটি এসি বাস আটকে রাখেন তারা। বাসের যাত্রীদের রাউজানে নেমে যেতে বাধ্য করা হয়। রাঙামাটি মোটর মালিক সমিতির নেতারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।
রাঙামাটি মোটর মালিক সমিতির কার্যালয় ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ তালুকদার বলেন, বিকেল ৪টায় জেলা প্রশাসনের সঙ্গে জরুরি সভা আছে। সেখানে আলোচনা করে সমস্যার সমাধান হবে।
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, হঠাৎ এমন ঘটনা অপ্রত্যাশিত, তবে কিভাবে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আশা করছি দ্রুতই সমাধান হবে।