রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষার্থীদের হাতে তৈরি পিঠায় উৎসবমুখর আয়োজন

পটিয়া প্রতিনিধি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫

ক্লাসরুমের বাইরে টেবিলের ওপর সাজিয়ে রাখা হয়েছে হরেক রকমের পিঠা। কম-বেশি সবগুলোই শীতের মৌসুমের। বিদ্যালয়ের কিশোর-কিশোরীদের কোমল হাতে তৈরি হয়েছে এসব। আবার বিক্রিও করছেন তারা। ক্রেতা হিসেবে আছেন সহপাঠী কিংবা শিক্ষক-শিক্ষিকারা। সব মিলিয়ে উৎপাদন থেকে বিপননের দারুণ এক অভিজ্ঞতা। এরসাথে আনন্দ আড্ডায় এক উৎসবমুখর পরিবেশ।

বলছিলাম চট্টগ্রামের পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবের কথা। বুধবার (২১ জানুয়ারি) শীতে বাহারি সব পিঠা নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এই উৎসবের। এতে উৎসাহ-উদ্দীপনায় উপভোগের পাশাপাশি নতুন এক অভিজ্ঞতাও অর্জন করেন শিক্ষার্থীরা।

সরজমিনে দেখা গেছে, পিঠার ঘ্রাণ আর শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিততে স্কুল প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবের রঙ। শিক্ষার্থীদের ব্যস্ততা, হাসিমুখ, আর অতিথিদের আগ্রহী চোখ—সবকিছু মিলে এটি পরিণত হয় একটি সংস্কৃতিমুখর আনন্দমেলায়। উৎসবজুড়ে স্থান পায় শতাধিক দেশীয় ও ঐতিহ্যবাহী পিঠা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা বলেন, শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমেই শিক্ষার্থীরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়। এমন উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি উদ্যোক্তা হয়ে ওঠার পথে অনুপ্রেরণা জোগাবে।

পিঠা উৎসব ঘুরে দেখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কান্তি দে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জামাল হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার তাহামিদা আকতার, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক পীযুষ কান্তি পাল, আব্দুল মোতালেব, সরজিত দাশ গুপ্ত, আইরিন সুলতানা ও মাইনুদ্দিন। বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষিকা শাহনাজ বেগম, নুরুল আবছার ও শাহজাদী বিলকিস আক্তার।

ভিডিও