রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম-৮ আসন

নিবার্চন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী ডা. আবু নাসের

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৪:৩০

নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আবু নাসের। কেন্দ্রীয় নির্দেশনা ‍অনুযায়ী জোটের প্রার্থী এনসিপি নেতা মো. জোবাইরুল হাসান আরিফকে সমর্থন দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মহানগর জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ডা. আবু নাসের অসুস্থতার কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত না থাকতে পারায় তার পক্ষে আসনটির পরিচালক ও নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী এই ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি বলেন, ঢাকায় অবস্থান করায় ডা. আবু নাসের মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে নগর জামায়াতের আমির নজরুল ইসলাম এবং দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনটি ১০-দলীয় নির্বাচনি ঐক্যের শরিক দল এনসিপির জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থাকলেও জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় জোটের ভেতরে অসন্তোষ দেখা দেয়। এ প্রেক্ষাপটে মঙ্গলবার নগরের বহদ্দারহাট এলাকায় ১০-দলীয় নির্বাচনি ঐক্যজোট, চট্টগ্রাম অঞ্চল’-এর ব্যানারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জোটের সিদ্ধান্ত অমান্যের অভিযোগ তুলে জামায়াত-সমর্থিত প্রার্থীর ভূমিকার প্রতিবাদ জানানো হয়।

ভিডিও