রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

মিয়ানমার সীমান্তে মিলল স্থলমাইনের ট্রিগার প্লেট

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:২৭

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চল থেকে স্থলমাইনের চাপ প্লেট বা ট্রিগার অংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনী। প্রাথমিকভাবে এসব অংশে কোনো বিস্ফোরক না থাকলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় এসব স্থলমাইনের ট্রিগার প্লেট উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা বিপুল সংখ্যক স্থলমাইনের চাপ প্লেট সংগ্রহ করেন। উদ্ধার হওয়া এসব চাপ প্লেটের সংখ্যা আনুমানিক ৫০ থেকে ৬০টি হতে পারে। পরে সেগুলো হোয়াইক্যং বিজিবি ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

উখিয়ার বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্ত এলাকা থেকে স্থলমাইনের চাপ প্লেটের মতো বেশ কয়েকটি অংশ পাওয়া গেছে। আপাতত সেগুলোতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।

বিজিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সীমান্ত এলাকায় উদ্ধার হওয়া স্থলমাইনের চাপ প্লেটগুলোতে আপাতত কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। তবে আমরা এটি সম্পূর্ণভাবে নিশ্চিত করতে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করাচ্ছি। সীমান্ত এলাকায় নজরদারি এবং তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। এছাড়া সন্দেহজনক সব এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তবে সীমান্তের ওপারের সংঘাতের কারণে পুরো এলাকা এখনো নিরাপদ নয়। তাই স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে আরও তৎপরতা প্রয়োজন।

ভিডিও