ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের আপিল বিভাগ।
রবিবার (১৮ জানুয়ারি) বিকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পৃথক আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিলের জন্য জামায়াতের প্রার্থী আনোয়ার ছিদ্দীক চৌধুরী ও ২টি ব্যাংক আপিল আবেদন করে। আপিলে মনোনয়ন সংক্রান্ত বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক বিষয় তুলে ধরা হয়। গত শনিবার আসলাম চৌধুরীর মনোনয়নপত্রের আপিল শুনানি থাকলেও রবিবার পর্যন্ত সেটি অপেক্ষমান রাখে কমিশন। শুনানি শেষে কমিশন ওই আপিলগুলো খারিজ করে তার প্রার্থিতা বহাল রাখে।
শুনানিতে ইসি আব্দুর রহমানেল মাছউদ আসলাম চৌধুরীর উদ্দেশ্যে বলেন, মানুষ হিসেবে বলছি, টাকাটা দিয়ে দিয়েন।
এদিকে ঋণখেলাপের অভিযোগে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। একই আসনের জামায়াত প্রার্থী নুরুল আমিন এই আপিল আবেদন করেন।