চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার জাম্বুরি পার্কের সামনে থেকে তিন মাস বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পার্কের ফটকের সামনে শিশুটিকে একা পড়ে থাকতে দেখে উদ্ধার করেন নিরাপত্তাকর্মী আবদুল মালেক।
পুলিশ জানায়, উদ্ধারের সময় শিশুটির পরনে ছিল একটি ডায়াপার ও নতুন একটি কাঁথা। সে তখন ঘুমিয়ে ছিল। শিশুটির নাম-পরিচয় জানা যায়নি। উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান জানান, শিশুটিকে বর্তমানে হাসপাতালের এইচডিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঠান্ডাজনিত সমস্যায় ভুগলেও তার অবস্থার উন্নতি হয়েছে।
এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত থাকা সহকারী উপপরিদর্শক মো. আসলাম সরকার ফেসবুক লাইভের মাধ্যমে শিশুটির পরিচয় জানার আহ্বান জানান। উদ্ধার হওয়া শিশুটির পরিচয় শনাক্তে পুলিশের পক্ষ থেকে তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।