রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

রাতের বৈঠকে সমঝোতা

আজ থেকেই ফের মাঠে গড়াচ্ছে বিপিএল

খেলা ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১২:০৭

আজ শুক্রবার থেকেই আবার শুরু হচ্ছে বিপিএল। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের কারণে তাঁর পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচই বয়কট করেন ক্রিকেটাররা। এই দুটি ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান।

গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। একই সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার খেলা না হওয়ায় দর্শকদের অসুবিধার জন্য তাদের কাছে ক্ষমা চেয়েছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।

এর আগে রাত আটটার দিকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্মকর্তারা। পরে রাত সাড়ে দশটার দিকে নাভানা টাওয়ারে যান ক্রিকেটাররাও। তাদের সঙ্গে বৈঠকের পরই বিপিএল শুরুর ঘোষণা দেওয়া হলো।

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানসের ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচ দুটি আজ শুক্রবার দুপুর দুইটা ও সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে। শুক্রবারে পূর্ব নির্ধারিত ম্যাচগুলো হবে শনিবার। শনিবারের ম্যাচগুলো হবে ১৮ জানুয়ারি।

এ ছাড়া এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ আগামী ১৯ জানুয়ারি হওয়ার কথা থাকলেও তা ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি আগের মতোই রাখা হয়েছে।

ভিডিও