রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

পোস্টাল ব্যালটের স্বচ্ছতা নিশ্চিত করে জনসম্মুখে তুলে ধরতে হবে: আমীর খসরু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:২০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পোস্টাল ব্যালটের স্বচ্ছতা নিশ্চিত করে জনসম্মুখে তুলে ধরতে হবে। যাতে করে নির্বাচন নিয়ে কোন প্রশ্ন তৈরি না হয়। এখনও সময় আছে, নির্বাচন কমিশন সে ব্যবস্থা করতে পারবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ধানের শীষ প্রতীক কেন পোস্টাল ব্যালটের ভাঁজের মধ্যে পড়েছে তার উত্তর নির্বাচন কমিশন দিতে পারবে। আমি আশা করছি, শুধু উত্তর নয় এর একটি প্রতিকারও তারা করতে পারবেন। এবং কীভাবে প্রতিকার করা হয়েছে তা মানুষের কাছে তুলে ধরবেন। যাতে এর স্বচ্ছতা নিয়ে ভবিষ্যতে কোন প্রশ্ন না উঠে।

তিনি আরও বলেন, পোস্টাল ব্যালটে যে ত্রুটি দেখা দিয়েছে তা খতিয়েও দেখা উচিত। বহু বছর পর জনগণ যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের আশা রাখছে, তা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হওয়া উচিত নয়।

এর আগে, দোয়া মাহফিলে তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা তুলে ধরেন।

ভিডিও