রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আইনজীবী আলিফ হত্যা মামলার চার্জ গঠন ১৯ জানুয়ারি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:০৯

চট্টগ্রাম আদালতে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় আগামী ১৯ জানুয়ারি চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছে আদালত। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ আদেশ দেন।

শুনানিতে আসামিরা দাবি করেন, বিচার কাজ চালাতে তাদের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ দিতে পারছেন না, বাধার মুখে পড়ছেন। এসময় বিচারক প্রয়োজনে রাষ্ট্রপক্ষ আইনজীবী ঠিক করবে বলে তাদের আশ্বস্ত করেন। পরে ১৯ জানুয়ারি চিন্ময় কৃষ্ণকে হাজির করা ও চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেন।

এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল পিপি এস ইউ এম নুরুল ইসলাম বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচারিক আদালত মামলার নথি রিসিভ করেছেন। মামলায় কারাগারে থাকা ২৩ আসামির মধ্যে ২২ জন আদালতে উপস্থিত ছিলেন। নিরাপত্তা ও সার্বিক দিক বিবেচনা করে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি।  আগামী ১৯ জানুয়ারি আসামিদের উপস্থিতিতে চার্জ গঠন করা হবে। এই মামলায় এখনো ১৬ আসামি পলাতক রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে আনা হলে তার অনুসারীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে তার অনুসারীরা। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ৩৯ জনকে আসামি করে চার্জশিট দিয়েছে পুলিশ।

ভিডিও