চট্টগ্রামের বোয়ালখালীতে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় প্রান্তিকা সর্দার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার কানুনগোপাড়া এলাকার উত্তর সর্দারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্তিকা গণেশ সর্দারের মেয়ে এবং মুক্তাকেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তিনি ৩ বোন ও এক ভাইয়ের মধ্যে সবার বড়।
প্রান্তিকার মা পান্না সর্দার জানান, বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় মাইক্রোবাসটি তাকে ধাক্কা দেয়। এতে প্রান্তিকা ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাবেয়া খাতুন জানান, সকাল সাড়ে ১১টায় প্রান্তিকাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত গাড়ির চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।