রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত

হাটহাজারীতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন আবু তালেব

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৭:০৬

চট্টগ্রামের হাটহাজারীতে ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়েছেন সেকেন্ড লেফটেন্যান্ট মো. আবু তালেব। তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের ১১ বিএনসিসি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

রবিবার (১২ জানুয়ারি) বিকেলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় তাকে এ সম্মাননায় ভূষিত করে।

সেকেন্ড লেফটেন্যান্ট মো. আবু তালেব হাটহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মীরের খিল গ্রামের হাজী মুন্সি মিয়া বাড়ির বাসিন্দা। তিনি মো. আবদুল শুক্কুরের জ্যেষ্ঠ ছেলে। পাশাপাশি তিনি উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।

এ সম্মাননা অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন মো. আবু তালেব। তিনি ২০১৬ সালের ২৯ মে হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনে (সেনা শাখা) প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) হিসেবে বিএনসিসিতে যোগদান করেন। পরবর্তীতে ২০১৭ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে সফলভাবে প্রি-কমিশন ট্রেনিং সম্পন্ন করেন।

এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ২৩ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মাহবুবুর রশীদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন।

উল্লেখ্য, এর আগেও তিনি ২০১৬ সালে প্রথমবার, ২০১৯ সালে দ্বিতীয়বার এবং ২০২২ সালে তৃতীয়বার হাটহাজারী উপজেলায় ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ নির্বাচিত হয়েছিলেন।

ভিডিও