চট্টগ্রামের হাটহাজারীতে মাহবুব আলম (৩৬) নামের এক মাইক্রোবাসের চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে পৌরসভার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহবুব আলম হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন। পাশাপাশি কলাবাগান এলাকার আলাউল হল নামের একটি ভবনের দেখাশোনার দায়িত্বেও ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে তিন থেকে চারজন দুর্বৃত্ত কলাবাগান এলাকায় এসে মাহবুব আলমের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। মাহবুব আলমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাটহাজারী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে । হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।