চট্টগ্রাম প্রেস ক্লাবের নিরাপত্তা জোরদার ও প্রবেশপথের শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন আঙ্গিকে ‘ফেস রিকগনিশন’ প্রযুক্তি চালু করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে ক্লাবের সদস্যরা ফেস বা ফিঙ্গার এক্সেস ব্যবহার করে নির্বিঘ্নে প্রবেশ করতে পারবেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক আনুষ্ঠানিকভাবে এ প্রযুক্তির উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি নিজেই ফেস ও ফিঙ্গার এক্সেস ব্যবহার করে কার্যক্রমের সূচনা করেন।
এসময় এম এ মালেক বলেন, ‘প্রেসক্লাবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে প্রবেশপথে শৃঙ্খলা বজায় থাকবে এবং সদস্যরা আরও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।’
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, ‘প্রেস ক্লাব ও সাংবাদিকদের মর্যাদা রক্ষায় আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। আধুনিক প্রযুক্তির ব্যবহার সেই উদ্যোগেরই অংশ। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।