চট্টগ্রামে ৩৫০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় ২৯০ ভরি স্বর্ণসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকার মোহাম্মদপুর ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো— সুমন চন্দ্র দাস (৪২), মো. মাসুদ রানা প্রকাশ বাইক বাবু (৩০), রফিকুল ইসলাম প্রকাশ ইমন (২২), রবি কুমার দাস (৪০), পান্না রানী দাস দিপালী রানী দাশ (৩৮) ও বিবেক বনিক (৪২)। এদের মধ্যে সুমন চন্দ্র দাস পুলিশের এএসআই থাকাকালে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় আগেই স্থায়ীভাবে বরখাস্ত হন।
শুক্রবার (৯ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় সিএমপি। পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি ভোর আনুমানিক ৫টায় সবুজ দেবনাথসহ তিনজন সিএনজি যোগে কোতোয়ালী এলাকা থেকে অক্সিজেনের দিকে যাচ্ছিলেন। আতুরার ডিপো এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার ছিনতাইকারী তাদের পথরোধ করে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় ৩৫টি স্বর্ণের বার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
ঘটনার পর পাঁচলাইশ মডেল থানায় মামলা হলে ডিবি (উত্তর) ও থানা পুলিশের সমন্বয়ে অভিযান শুরু হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় ৮ জানুয়ারি গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে মূল অভিযুক্ত সুমনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর ও চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।