রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

সফলতার নেপথ্যের চার কারণ

পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১১:১৩

বিপিএল শুরুর ঠিক আগমুহূর্তে দলীয় মালিকানা সংকট, ম্যানেজমেন্ট বদল, অপরিচিত বিদেশি ক্রিকেটার— সব মিলিয়ে চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে শঙ্কার শেষ ছিল না। ম্যাচের আগের দিন পর্যন্ত নিশ্চিত ছিল না ফ্র্যাঞ্চাইজির মালিক কে। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে টুর্নামেন্টে নামে দলটি। অথচ সেই এলোমেলোভাবে শুরু করা চট্টগ্রামই এখন ৭ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে।

চট্টগ্রামের সাফল্যের প্রথম কারণ কার্যকর টি–টোয়েন্টি বোলিং। বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। পাওয়ার প্লে থেকে ডেথ ওভার— সব জায়গাতেই কার্যকর তিনি। স্পিন বিভাগে তানভীর ইসলাম ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জুটি ব্যাটসম্যানদের জন্য ভয়ংকর হয়ে উঠেছে। এর সঙ্গে আমের জামাল, মুকিদুল ইসলাম ও আবু হায়দার রনির অবদান চট্টগ্রামের বোলিংকে করেছে ভারসাম্যপূর্ণ।

দ্বিতীয় বড় শক্তি ওপেনিং জুটি। অ্যাডাম রসিংটন ও মোহাম্মদ নাঈম ডানহাতি–বাঁহাতি কম্বিনেশনে নিয়মিত ভালো শুরু এনে দিচ্ছেন। রসিংটন ছয় ম্যাচে করেছেন ২৫৮ রান, নাঈম সাত ম্যাচে ১৯৭। দুজনে মিলে ইতিমধ্যে দুটি শতরানের জুটি গড়েছেন।

তৃতীয় কারণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বল হাতে বরাবরের মতোই নির্ভরযোগ্য, সঙ্গে ব্যাট হাতে ১৬৮ স্ট্রাইকরেটে গুরুত্বপূর্ণ রান এনে দিচ্ছেন মিডল–লোয়ার অর্ডারে। মাঠে ও মাঠের বাইরে তাঁর নেতৃত্ব দলকে দিয়েছে স্থিরতা।

চতুর্থ ও সবচেয়ে নীরব শক্তি— নির্ভার পরিবেশ। বিসিবির তত্ত্বাবধানে থাকায় পারিশ্রমিক বা প্রশাসনিক জটিলতা নেই। মাঠের বাইরের দুশ্চিন্তা দূরে রেখে পুরো মনোযোগ খেলায় দিতে পারছেন ক্রিকেটাররা।

সব মিলিয়ে এলোমেলো শুরু হলেও পরিকল্পনা, পারফরম্যান্স ও নির্ভার মানসিকতার সমন্বয়ে এবারের বিপিএলে সবচেয়ে ধারাবাহিক দল হয়ে উঠেছে চট্টগ্রাম রয়্যালস।

ভিডিও