রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

মাসব্যাপী ফুল উৎসব শুরু শুক্রবার

বর্ণিল রূপে সেজেছে ডিসি পার্ক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৬
১৪০ প্রজাতির ফুলে সাজানো ডিসি পার্ক। সীতাকুণ্ডে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী ফুল উৎসব শুরু হচ্ছে শুক্রবার। —ছবি: রনী দে (পূর্বতারা)

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন সলিমপুরের সাগরপাড়ে ১৯৪ একর জমির উপর গড়ে উঠা ডিসি পার্ক এবার সেজেছে মনোমুগ্ধকর রূপে। প্রতি বছরের ন্যায় এবারও ডিসি পার্কে চতুর্থবারের মতো দেশের বৃহত্তম ফুল উৎসব ‘চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬’ এর আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া মাসব্যাপী এ আয়োজনে রয়েছে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডিসি পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, ফুলের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার পাশাপাশি এই উৎসবে দর্শনার্থীরা প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

জানা গেছে, এ বছরের অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে রয়েছে মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। এছাড়াও এই উৎসবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬’ র প্রচারণার একটি বিশেষ স্টল থাকবে। এবার ডিসি পার্কে নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি, ফ্লাওয়ার টি।

শুক্রবার থেকে শুরু হয়ে মাসব্যাপী এ ফুল উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

ভিডিও