রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামে চা বোর্ডের ৬৫ শতক জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪১

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ চা বোর্ডের ৬৫ শতক জমি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চট্টগ্রামের কাট্টলী সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জমিটি মেসার্স মডার্ন স্টিল মিলস লিমিটেডকে ভাড়া দিয়েছিল চা বোর্ড। চো বোর্ডের দাবি, ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও জমিটি চা বোর্ডকে ফেরত দেয়নি ওই প্রতিষ্ঠান। ভাড়া বাবদ চা বোর্ডের পাওনা দুই কোটি ২৪ লাখ টাকাও পরিশোধ করেনি।

বাংলাদেশ চা বোর্ডের উপ-পরিচালক (বাণিজ্য) মুহাম্মদ মদহুল কবীর চৌধুরী বলেন, ‘জায়গা ছেড়ে দিতে ও বকেয়া ভাড়ার জন্য গত প্রায় ৪ বছরে চা বোর্ড বারবার চিঠি দিয়েছে। কিন্তু তারা জমি ছাড়েনি। হাই কোর্ট গত বছরের ১ জুন মেসার্স মডার্ন স্টিল মিলস লিমিটেডকে এক মাসের মধ্যে চা বোর্ডের সব পাওনা পরিশোধের আদেশ দেয়। কিন্তু তারা সেটাও করেনি।’

অভিযান শেষে কাট্টলী সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ বলেন, ‘আদালতের নির্দেশে আমরা এখানে এসে জমিটি চা বোর্ডকে বুঝিয়ে দিয়েছি।’

ভিডিও