চট্টগ্রামের পটিয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ একাধিক মামলার আসামি যুবলীগ নেতা আবু ছালেহ মোহাম্মদ শাহরিয়ারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার ১৪নং ভাটিখাইন ইউনিয়নের করল এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহরিয়ারের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার শাহরিয়ার চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য এবং ভাটিখাইন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি ওই এলাকার মৃত আবু তালেবের ছেলে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিশেষ নজরদারির মাধ্যমে অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।