আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশ ও ভিআইপি লাউঞ্জ ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিমানবন্দরের নিরাপত্তা কমিটির মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড্রাইভওয়েতে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেবল যাত্রী এবং প্রয়োজনীয় যানবাহনই প্রবেশ করতে পারবে।
এতে আরও বলা হয়েছে, বিমানবন্দরের প্রধান পার্কিং এলাকায় কেবলমাত্র যাত্রী নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রবেশকৃত যাহবাহন থেকে পার্কিং টোল আদায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া, ভিআইপি লাউঞ্জ ব্যবহারের প্রাধিকারপ্রাপ্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের পরিবারবর্গ কেবল একজন অনুমোদিত প্রটোকল পাশধারীর সঙ্গে প্রবেশ করতে পারবেন বলেও জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।