সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদা না পেয়ে নির্মাণ শ্রমিকদের ছুরিকাঘাত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫২

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় চাঁদা না পেয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, হামজারবাগ এলাকায় মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন নির্মাণাধীন ভবন ‘হোসাইন টাওয়ারে’ ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তি চাঁদা দাবি নিয়ে উপস্থিত হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে নির্মাণকাজে নিয়োজিত তিন শ্রমিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আহতরা হলেন— চান্দগাঁও থানার বদ্দারহাট এলাকার আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ কামাল, কালামের ছেলে মোহাম্মদ সজিব এবং মোহাম্মদ ইউসুফের ছেলে মোহাম্মদ হাসনাইন।

সহকর্মীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

ভিডিও