জাতীয় নির্বাচনের ব্যস্ততা মানবিক দায়িত্বে বাধা হতে পারেনি চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে। ‘সবাই তো নিজের সন্তানের কথাই ভাবে; পরের সন্তানের কথা কয়জন’— এই উপলব্ধি থেকেই তিনি সরেজমিনে পরিদর্শন করলেন নগরের খুলশী এলাকায় অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের আশ্রয়কেন্দ্র উপলব্ধি ফাউন্ডেশন।
আনোয়ারা উপজেলায় সড়কের পাশে কনকনে শীতের মধ্যে উদ্ধার হওয়া দুই শিশুর পুনর্বাসনের স্থান খুঁজতে গিয়ে প্রথমবারের মতো এ প্রতিষ্ঠান সম্পর্কে অবগত হন জেলা প্রশাসক। বিষয়টি জানার আগ্রহ থেকে গত শনিবার (৩ জানুয়ারি) তিনি নিজ কার্যালয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ ইজাবুর রহমান ও ব্যবস্থাপক শেলী রক্ষিতকে ডেকে নেন। জাতীয় নির্বাচনের প্রস্তুতির ব্যস্ততার মাঝেও প্রায় আধা ঘণ্টা সময় নিয়ে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম শোনেন এবং দ্রুত পরিদর্শনের সিদ্ধান্ত নেন।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার (৫ জানুয়ারি) জেলা প্রশাসক নিজে উপলব্ধি ফাউন্ডেশন পরিদর্শনে যান। সেখানে আশ্রয়প্রাপ্ত প্রায় ৭৫ জন হারিয়ে যাওয়া ও স্বজনহীন মেয়েশিশুর খোঁজখবর নেন। শিশুদের শিক্ষা, বাসস্থান ও সার্বিক কল্যাণ বিষয়ে অবগত হন তিনি। এ সময় শিশুদের জন্য এক বেলার খাবার ও বই কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। শীত বিবেচনায় ৮৫টি কম্বল, শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী এবং ফল বিতরণ করেন।
শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা দেখে আবেগাপ্লুত হয়ে জেলা প্রশাসক নিজের আসন ছেড়ে মঞ্চে উঠে তাদের সঙ্গে ছবি তোলেন। এমনকি শিশুদের রান্নাঘর ঘুরে দেখে রান্নার ব্যবস্থাও খোঁজ নেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, ‘সরকারি সময় আসলে মানুষের জন্যই। আজ এখানে যে সময় কাটালাম, সেটাই আমার শ্রেষ্ঠ সময়।’ তিনি আশ্বাস দেন, সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে জেলা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।