সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

শীতের দাপটে ব্যস্ততা বেড়েছে ফুটপাতে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪
চট্টগ্রামে অতিরিক্ত শীতে বেড়েছে ফুটপাতে গরম কাপড়ের বেচাকেনা। ছবি: রনী দে (পূর্বতারা)

গত কয়েকদিনের প্রচন্ড কুয়াশা ও নিম্ন তাপমাত্রা বাড়িয়েছে শীত। প্রথম দিকে চট্টগ্রাম নগরীতে কুয়াশা ভেদ করে মানুষের আনাগোনা কম থাকলেও এখন পরিস্তিতি স্বাভাবিক হচ্ছে। তবে শীতের তীব্রতা দিন দিন বাড়তে থাকায় বাড়ছে গরম কাপড়ের চাহিদা। আর এই সময়ে শীত নিবারণের জন্য গরম কাপড় কিনতে নগরীর ফুটপাতগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। গরম কাপড়ের বেচাকেনায় জমজমাট হয়ে উঠেছে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলো।

সরজমিনে দেখা গেছে, সকাল ও সন্ধ্যার দিকে শীতের তীব্রতা বাড়তেই সাধারণ মানুষ ভিড় করছেন ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে। নগরীর নিউমার্কেট, রেয়াজউদ্দিন বাজার, বহদ্দারহাট, আগ্রাবাদ ও চকবাজার এলাকায় ফুটপাতে সারি সারি দোকানে সাজানো রয়েছে সোয়েটার, জ্যাকেট, হুডি, শাল, মাফলার ও গরম টুপি। রঙিন এসব শীতবস্ত্র নগরীর শীতের দৃশ্যপটে যোগ করেছে আলাদা মাত্রা।

ফুটপাতের এক বিক্রেতা আবদুল কাদের বলেন, এ বছর শীত একটু বেশি। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও হঠাৎ বেড়ে গেছে। আগে দিনে যা বিক্রি হতো, এখন তার প্রায় দ্বিগুণ বিক্রি হচ্ছে। সন্ধ্যার পর সবচেয়ে বেশি ক্রেতা আসে।

আরেক বিক্রেতা রফিকুল ইসলাম জানান, ফুটপাতের দোকান বলে কম দামে দিতে পারি। মানুষ এখন হিসাব করে খরচ করছে। তাই আমাদের কাছেই বেশি আসছে।

স্বল্পমূল্যে গরম কাপড় পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের কাছে ফুটপাতের দোকানগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বড় মার্কেটে যেখানে একটি জ্যাকেট কিনতে গুনতে হয় কয়েক হাজার টাকা, সেখানে ফুটপাতে তুলনামূলক কম দামে প্রয়োজনীয় শীতবস্ত্র মিলছে।

ক্রেতা রাশেদ মাহমুদ বলেন, মার্কেটে দাম অনেক বেশি। ফুটপাত থেকে কম দামে মোটামুটি ভালো মানের সোয়েটার বা জ্যাকেট পাওয়া যায়। শীতের জন্য এতটুকুই যথেষ্ট।

এক গৃহিণী শামসুন্নাহার বলেন, পরিবারে সবাইকে একসঙ্গে গরম কাপড় কিনতে গেলে খরচ অনেক পড়ে। ফুটপাত থেকে কিনলে বাজেটের মধ্যে থাকে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সামনের কয়েকদিন শীতের প্রকোপ আরও অব্যাহত থাকতে পারে। এতে ফুটপাতে গরম কাপড়ের চাহিদা ও বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। অনেক বিক্রেতাই ইতোমধ্যে নতুন করে মাল তুলেছেন শীতের বাজার ধরতে।

শীতের এই বাড়তি তীব্রতা একদিকে যেমন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কষ্ট বাড়িয়েছে, অন্যদিকে তেমনি ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সৃষ্টি করেছে বাড়তি আয়ের সুযোগ। শীতের সকালে কিংবা সন্ধ্যার ব্যস্ত নগরজীবনে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলো এখন শুধু কেনাবেচার জায়গা নয়, বরং চট্টগ্রামের শীতকালীন জীবনের এক পরিচিত প্রতিচ্ছবি।

ভিডিও