চট্টগ্রাম নগরীর হাজারি গলির এক স্বর্ণের ব্যবসায়ির আনুমানিক ৪২ ভরি স্বর্ণ ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। যার আনুমানিক বাজার মূল্য ৮৫ লাখ টাকা। ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এসব স্বর্ণালঙ্কার ছিনতাই করা হয় বলে জানা গেছে।
সোমবার (৫ জানুয়ারি) পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাটি নিয়ে পুলিশ মাঠে কাজ করছে বলেও জানান তিনি।
জানা যায়, আন্দরকিল্লা মোড় থেকে ওই স্বর্ণ ব্যবসায়ীর গতিবিধি লক্ষ্য করে ছিনতাই চক্র। পরে পাঁচলাইশ মডেল থানাধীন হিলভিউ ২ নম্বর রোডে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর স্বর্ণ ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার পর থেকে পাঁচলাইশ মডেল থানা পুলিশ অভিযানে মাঠে কাজ করছে। তবে নিরাপত্তার স্বার্থে ওই ব্যবসায়ীয় পরিচয় গোপন রাখা হয়েছে।