সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামের তিন আসনে ১০ জনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৪ জানুয়ারি ২০২৬, ১১:২১

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের তিনটি আসনে মোট ১০ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। শুক্রবার দিনভর যাচাইবাছাই শেষে এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। এর মধ্যে দলীয় মনোনয়ন না পাওয়ায় দুইজন এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরের সত্যতা না পাওয়ায় অপরজনের মনোনয়ন বাতিল হয়।

‘বিএনপির প্রার্থী হিসেবে’ চট্টগ্রাম-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন শাহীদুল ইসলাম চৌধুরী। তবে তার দলের মনোনয়ন না থাকায় সেটি বাতিল হয়েছে।

জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মোহাঃ এরশাদ উল্যা। কিন্তু ‘যথাযথ দলীয় মনোনয়ন প্রদান করা হয়নি’ মর্মে তার মনোনয়ন বাতিল করা হয়।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসনটিতে মনোনয়নপত্র জমা দেন মোহাম্মদ আশরাফ ছিদ্দিকি। তবে তার জমা দেওয়া ভোটারদের স্বাক্ষরের তালিকা যাচাইয়ে করে সত্যতা মেলেনি।

যাচাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, তালিকা থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে নেওয়া ১০ জন ভোটারের আটজনই বলেছেন তারা স্বাক্ষর করেননি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। যাচাইবাছাই শেষে এখন চট্টগ্রাম-১ আসনে বৈধ প্রার্থী আছেন সাতজন।

তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নুরুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছাইফুর রহমান, জাতীয় পার্টির সৈয়দ শাহাদাৎ হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) এ কে এম আবু ইউছুপ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রেজাউল করিম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদৌস আহমদ চৌধুরী।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে চারজনের মনোনয়ন বাছাইতে বাতিল হয়েছে। এ আসনে এখন বৈধ প্রার্থী ৫ জন। তারা হলেন- বিএনপির সরোয়ার আলমগীর, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুল আমিন, জনতার দলের মোহাম্মদ গোলাম নওশের আলী, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ এবং মো. ওসমান আলী।

আসনটিতে দুই স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতার এবং আহমদ কবিরের এক শতাংশ ভোটারের স্বাক্ষরের সত্যতা না পাওয়ায় তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজসিলের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুবের নির্বাচনি ব্যয় ফরম, ব্যক্তিগত সম্পদ বিবরণী ফরম এবং হলফনামা দাখিল না করার তার মনোনয়নপত্র বাতিল হয়। আরেক প্রার্থী গণঅধিকার পরিষদের রবিউল হাসানের মনোনয়নপত্রে সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় সেটি বাতিল করা হয়।

অপরদিকে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখন সেখানে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন দুজন। তারা হলেন- বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীন।

এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেনের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

এছাড়া ঋণখেলাপি ও এক শতাংশ ভোটারের তথ্যে সত্যতা না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলার মনোনয়ন বাতিল করা হয়। আর দলের মনোনয়ন ‘সঠিক নয়’ বলে জাতীয় পার্টির এম এ ছালামের মনোনয়ন বাতিল করা হয়েছে।

ভিডিও