রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

বোয়ালখালীতে ছুরিকাঘাতে আহত বিএনপি নেতা

বোয়ালখালী প্রতিনিধি

প্রকাশ : ৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৯

চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপির এক নেতার ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি হলেন আহলা করলডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) আহ্বায়ক মো. আবুল বশর চৌধুরী।

শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বোয়ালখালী উপজেলার ১০ নম্বর আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, একটি বিয়ের দাওয়াত খেয়ে অনুষ্ঠান শেষে বাড়ির বাইরে রাস্তায় হাঁটতে বের হলে মুখোশধারী তিনজন দুর্বৃত্ত অতর্কিতভাবে আবুল বশর চৌধুরীর ওপর ছুরিকাঘাত করে। এতে তিনি আহত হন। হামলার পর আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়।

বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিয়ের দাওয়াত শেষে বাইরে হাঁটতে বের হলে মুখোশধারী তিনজন দুর্বৃত্ত আবুল বশরের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন।’

এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভিডিও