রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম-৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৫

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র বাছাইয়ের দিনে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন এ ঘোষণা দেন।

হলফনামার সঙ্গে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না থাকায় আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এদিকে সকালে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে একদল লোক জড়ো হয়ে জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় কার্যালয়ের সামনে পুলিশ পাহারা জোরদার করা হয়।

মনোনয়নপত্র যাচাইকালে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদের পক্ষে থাকা এক আইনজীবী অভিযোগ করেন, আনিসুল ইসলাম মাহমুদের প্রস্তাবক ও সমর্থনকারীকে সম্মেলনকক্ষে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।

আরও দুই জনের মনোনয়নপত্র বাতিল

এদিকে স্বতন্ত্র প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-কোষাধ্যক্ষ এসএম ফজলুল হক ও সাবেক হুইপ ওয়াহিদুল আলমের মেয়ে সাকিলা ফারজানার মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

নির্বাহী হাকিম হেদায়েত উল্যাহ বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ শতাংশ ভোটারের যে সই জমা দিতে হয়, সেখানে গড়মিল পাওয়ায় ফজলুল হক ও সাকিলা ফারজানার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তারা দুজনই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

ভিডিও