রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

দুই দিনের সফরে কক্সবাজারে সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২ জানুয়ারি ২০২৬, ০৬:২৪

দুই দিনের সফরে শুক্রবার নিজ জেলা কক্সবাজারে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার দুপুর ১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি উত্তর নুনিয়াছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

নামাজ শেষে তিনি সাংবাদিক আনছার হোসেনের সদ্যপ্রয়াত স্ত্রী রোকসানা নূর এবং মায়ের শোকে ইন্তেকাল করা কিশোর সন্তান আব্দুল্লাহ রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন। এ সময় তিনি দোয়া করেন এবং মরহুমদের মাগফিরাত কামনা করেন।

কবর জিয়ারত শেষে সালাহউদ্দিন আহমদ সাংবাদিক আনছার হোসেনের বাড়িতে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং বড় ছেলে আব্দুল্লাহ নূর হোসেন রুদ্রসহ স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, একজন মানুষ স্বল্প সময়ে স্ত্রী ও সন্তান হারালে সেই শূন্যতা ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ যেন এই পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর সাংবাদিক আনছার হোসেনের সহধর্মিণী রোকসানা নূর ইন্তেকাল করেন। এর মাত্র দুই মাস তেরো দিনের মাথায় ২৭ ডিসেম্বর মায়ের শোকে অসুস্থ হয়ে তাদের ১৩ বছর বয়সী সন্তান আব্দুল্লাহ রিতাজ হোসেন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিকেল ৩টায় সালাহউদ্দিন আহমদ কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে যোগ দেন।

জানা গেছে, আগামীকাল শনিবার কক্সবাজারে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। সফর শেষে রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

ভিডিও