সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থী রানার পাশে চট্টগ্রামের ডিসি

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ১ জানুয়ারি ২০২৬, ০৬:৫০

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মেলঘর এলাকার শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মো. জাহেদ উদ্দীন রানা প্রমাণ করে চলেছেন— প্রতিবন্ধকতা কখনো মেধা ও ইচ্ছাশক্তির পথে বাধা হতে পারে না। জীবনসংগ্রামের কঠিন বাস্তবতার মধ্যেও তিনি বর্তমানে খলিলমীর ডিগ্রি কলেজে ডিগ্রি তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

রানার বাবা মো. কামাল উদ্দীন একজন অটোরিকশা চালক। সীমিত আয়ে স্ত্রী, এক সন্তান ও ছোট মেয়েকে নিয়ে চার সদস্যের পরিবার চালাতে গিয়ে পড়াশোনার খরচ জোগানো তার জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে নিয়মিত কলেজে যাওয়া সম্ভব না হওয়ায় বাড়িতে বসেই পড়াশোনার জন্য একজন গৃহশিক্ষক রাখতে হয়েছে, যার মাসিক বেতন তিন হাজার টাকা— যা পরিবারটির জন্য বাড়তি চাপ সৃষ্টি করেছে।

রানা জানান, চতুর্থ শ্রেণি পর্যন্ত স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারলেও এরপর থেকে তিনি হাঁটতে অক্ষম হয়ে পড়েন। স্কুলজীবনে দীর্ঘ সময় মায়ের কোলে চড়েই তাকে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়েছে। এরপরও থেমে যাননি তিনি; নিজের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে আজ তিনি উচ্চশিক্ষার পথে এগিয়ে চলেছেন।

আজ (তারিখ উল্লেখযোগ্য) চারটি লিখিত আবেদন নিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে হাজির হন জাহেদ উদ্দীন রানা। প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও জেলা প্রশাসক সময় নিয়ে রানার ও তার পরিবারের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আবেদন পাওয়ার দিনই তাৎক্ষণিকভাবে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন একজন মেধাবী শিক্ষার্থী শুধু অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে— এটা মেনে নেওয়া যায় না। তার দেওয়া অন্যান্য আবেদনগুলোও আমরা গুরুত্বসহকারে বিবেচনা করে দেখছি।’

জেলা প্রশাসকের সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত জাহেদ উদ্দীন রানা বলেন, ‘আগের জেলা প্রশাসকের সময়েও আমি সহায়তার জন্য আবেদন করেছিলাম, কিন্তু তখন কোনো সাহায্য পাইনি। বর্তমান জেলা প্রশাসক আজই আবেদন নিয়ে আজই পাশে দাঁড়িয়েছেন। সত্যিই তিনি একজন মানবিক ডিসি।’

আরও জানান, তাদের বাড়িটি পুকুরের পাশে হওয়ায় বর্ষা ও বন্যার সময় ঘরে পানি ঢুকে পড়ে। এ বিষয়ে ওয়াল নির্মাণসহ চারটি লিখিত আবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন তিনি।

ভিডিও