রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রীয় শোকে স্থগিত বিপিএল ম্যাচ

খেলা ডেস্ক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৫০

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ২০২৬-এর ৩০ ডিসেম্বর নির্ধারিত এবং পরবর্তীতে স্থগিত হওয়া ম্যাচগুলো আগামী ৪ জানুয়ারি ২০২৬ সিলেটে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে ৩১ ডিসেম্বর (বুধবার) সাধারণ ছুটি থাকায় সেদিন কোনো বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে না।

তবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১ ও ২ জানুয়ারি নির্ধারিত বিপিএলের ম্যাচগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিসিবি।

এদিকে, ৫ জানুয়ারি ২০২৬ থেকে পরবর্তী ম্যাচগুলোর সংশোধিত সূচি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে।

এছাড়া ৩০ ডিসেম্বর ম্যাচের সময়সূচি ও স্থগিত ম্যাচ পুনর্নির্ধারণ সংক্রান্ত যে নোটিশ আগেই দলগুলোর কাছে পাঠানো হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভিডিও